লালমনিরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, লালমনিরহাট সদর উপজেলা সীমান্তবর্তী মোগলহাটে বন্ধ থাকা কাস্টমস চেকপোস্ট ও স্থলবন্দরটি পুনরায় চালুর প্রক্রিয়া সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে।
তিনি বলেন, 'এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছে বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় ও রেল মন্ত্রণালয়।'
আজ রোববার দুপুরে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন। লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও পৌরসভা যৌথভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সংবর্ধন প্রদান করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'মোগলহাট কাস্টমস চেকপোস্ট ও স্থলবন্দরটি লালমনিরহাটের ব্যবসায়ীদের যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ব্যবসায়ীদের। উভয় দেশের ব্যবসায়ীদের যৌথভাবে আরও বৈঠক করতে হবে। এ রুটটি পুনরায় চালু করতে ধরলা নদীর ভাঙনরোধ ও নদী শাসন করতে হবে।'
তিনি আরও বলেন, 'আমি সব মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে সার্বিক যোগাযোগ অব্যাহত রাখব। আশা করছি এ রুটটি পুনরায় চালু হবে।'
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি শেখ আব্দুল হামিদ জানান, মোগলহাট রুটটি পুনরায় চালু হলে ভারতের ৭টি অঙ্গরাজ্যের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও বাড়বে। এ রুট দিয়ে সহজে পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে এবং পরিবহন খরচ সাশ্রয় হবে।'
লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন জানান, মোগলহাট কাস্টমস চেকপোস্ট ও স্থলবন্দরটি পুনরায় চালু হলে ব্যাপক পরিবর্তন আসবে লালমনিরহাটের অর্থনীতিতে। পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
